হুট করেই প্রস্তুত সিলেট জেলা স্টেডিয়াম!

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও প্রস্তুত নয়। তাই তিন জাতির ফুটবল টুর্নামেন্ট চলে যাচ্ছে সিলেটে। সেখানকার জেলা স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচগুলো।

আজ বাফুফের ন্যাশনাল টিমস কমিটির এক অনলাইন সভা হয় বাফুফে সভাপতির উপস্থিতি। সভা শেষে বাফুফরে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ জানান, ’মার্চে ফিফা উইন্ডোতে আমরা তিনজাতি টুর্নামেন্ট আয়োজন করছি। ব্রুনেই ও সেশেলস এসে খেলতে রাজি হয়েছে। খেলা হবে সিলেটে। এর মধ্যেই ফিফার কাছে অনুমোদনের জন্য চিঠি দেওয়া হয়েছে।’

সিলেটকে বিকল্প ভেন্যুর করার কথা বলা হলেও এক সপ্তাহ আগে সালাউদ্দিন সাফ জানিয়েছিলেন ঢাকার বাইরের কোন মাঠ আন্তর্জাতিক ম্যাচের জন্য উপযুক্ত নয়। হুট করেই ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুত হয়ে গেল সিলেট জেলা স্টেডিয়াম?

কয়েকদিন আগেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, আন্তর্জাতিক আসর আয়োজনে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ছাড়া কোনো বিকল্প নেই তার হাতে। এই মাঠটির কৃত্রিম টার্ফে খেলা অতিমাত্রায় ঝুকিপূর্ণ। অথচ এ মাঠেই আগামী মাসে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাফুফে।

বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘আমাদের বিকল্প কিছু নেই। কমলাপুর স্টেডিয়ামে খেলার জন্য এএফসির অনুমোদন রয়েছে। তাই এখানেই হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টও। ঢাকার বাইরেও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। আমার কাছে কমলাপুরের বাইরে আর কোনো ভেন্যু নেই।’