অনুভূতি প্রকাশযোগ্য নয়

আফরোজা নাজনীন সুমি

রন্ধনশিল্পী

সালটা ২০১০। ভালো রান্না করতাম বলে অনেকই রান্না শেখার জন্য আমার কাছে আসতেন। সাতপাঁচ না ভেবে  শেখাতে শুরু করলাম। বলা যায়, ব্যবসা শুরুটা তখনই। ট্রেনিংয়ের পাশাপাশি শুরু হলো অর্ডার পাওয়া। টেলিভিশনে রেসিপিবিষয়ক শো করতাম, সেই সুবাদে অনেকে আমার হাতের রান্না খেতে চাইতেন। আসতে শুরু করে অর্ডার। কেউ বাসা পরিবর্তন করলে, ছোটখাটো গেট টুগেদার হলে, অফিসে লাঞ্চের প্রয়োজন হলে আমার কাছ থেকে খাবার নিতেন। এভাবেই ছোট করে ধাপে ধাপে ব্যবসার দিকে ঝুঁকে যাওয়া। প্রথম ব্যবসার অনুভূতিটা ভিন্ন রকম, আলাদা একটা ভালো লাগা। নিজের হাতে খাবার তৈরি করে মানুষকে খাওয়ানোর অনুভূতি প্রকাশযোগ্য নয়। অল্প থেকেই ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়তে শুরু করে। একা একা না পেরে, লোকজন নিয়ে কাজ শুরু করলাম।  ব্যবসার ক্ষেত্রে মেয়েদের বড় সমস্যা মূলধন। কারণ মেয়েরা ব্যাংক থেকে সহজে লোন পান না, আবার পেলেও অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া পরিবারের বাধা তো আছেই।  ব্যবসার ক্ষেত্রে আমাদের সময় থেকে বর্তমান সময়ে অনেক সুযোগ-সুবিধা বেড়েছে এবং সবকিছু সহজ হয়েছে।

কথা বলেছেন অরণ্য সৌরভ