ময়মনসিংহে কৃষিমন্ত্রী

কৃষিবান্ধব নীতির কারণে কৃষি আজ নতুন উচ্চতায়

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশের ১৭ কোটি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সব কৃষিবিদ নিরলসভাবে কাজ করে যাবেন। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কল্যাণে কৃষিবিদ ও কৃষকের অবদানে দেশের কৃষি আজ নতুন উচ্চতায় উন্নীত।

গতকাল সোমবার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে কৃষিবিদ দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

৫০ বছর আগে ১৯৭৩ সালের ১৩ ফেব্র“য়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চত্বরে এসে কৃষিবিদদের সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদমর্যাদার ঘোষণা দেন। ঐতিহাসিক ওই ঘোষণার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের তরুণ ছাত্রনেতা, বর্তমান কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। পরে কৃষিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষিবিদ দিবসের সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।