বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তার দল এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিয়েছে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এখন অপেক্ষায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার।
সোমবার থেকে মাঠে গড়ানো পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন সাকিব। তাকে ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি’ হিসেবে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সোমবারই পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিয়েছেন বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব। তার দল পেশাওয়ার তাদের প্রথম ম্যাচ খেলবে মঙ্গলবার। করাচি কিংসের বিপক্ষে ম্যাচটিতে সাকিব ‘অ্যাভেইলেবল’ থাকবেন বলে জানিয়েছে পিসিবি।
মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ রয়েছে বাংলাদেশের। তার আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটিতে সাকিবকে পাবে পেশাওয়ার। সেই অনুযায়ী সাকিবকে পাঁচ ম্যাচের জন্য পাবে দলটি।
এর আগে পিএসএলের দুই আসরে খেলেছিলেন সাকিব। সবশেষ ২০১৭ সালে খেলেছিলেন পেশাওয়ারের হয়েই। তার আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে।
পিএসএলে সাকিবের পাঁচ ম্যাচের সময়সূচি
১৪ ফেব্রুয়ারি: করাচি কিংস-পেশাওয়ার জালমি
১৭ ফেব্রুয়ারি: মুলতান সুলতান্স-পেশাওয়ার জালমি
২০ ফেব্রুয়ারি: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-পেশাওয়ার জালমি
২৩ ফেব্রুয়ারি: পেশাওয়ার জালমি-ইসলামাবাদ ইউনাইটেড
২৬ ফেব্রুয়ারি: লাহোর কালান্দার্স-পেশাওয়ার জালমি