তিন দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ প্রকৌশলীর

তিন দিনেও খোঁজ মেলেনি ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবিরের। তবে নিখোঁজের পর একটি ব্যাংকের এটিএম বুথ থেকে তার টাকা তোলার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি স্বেচ্ছায় আত্মগোপনসহ চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। সেগুলো হলো অফিশিয়াল কোনো সমস্যা হয়েছে কি না; তিনি কারও সঙ্গে শত্রুতাবশত অপহরণের শিকার হয়েছেন কি না; জঙ্গি সম্পৃক্ততার কারণে কোনো জঙ্গি সংগঠনে হিজরত করছেন কি না। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য দিয়েছে। এদিকে পুলিশের একটি সূত্র বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহে শাহরিয়ার আত্মগোপনে গিয়েছেন।

গত রবিবার বিকেলে মেট্রোরেলের উত্তরা ডিপো অফিস থেকে বের হয়ে নিখোঁজ হন শাহরিয়ার। গতকাল মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ পায়নি পুলিশ। এ ঘটনায় সোমবার রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহরিয়ারের মা রাশিদা আক্তার।

শাহরিয়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। লালবাগের আজিমপুর টাওয়ারে মায়ের সঙ্গে থাকতেন তিনি। তাদের বাড়ি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা রানীবাজার এলাকায়।

তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার দেশ রূপান্তরকে বলেন, এখনো পর্যন্ত নিখোঁজ প্রকৌশলীর সন্ধান পাওয়া যায়নি। তার পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ব্যক্তিগত কারণে পরিবারের প্রতি অভিমান করে শাহরিয়ার আত্মগোপনে গিয়েছেন।