গায়েবি মামলা করে সরকার হয়রানি করছে : প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বাংলাদেশের  গৌরবোজ্জ্বল গণতান্ত্রিক চরিত্র আওয়ামী সরকার ধ্বংস করে দিয়েছে। তাদের কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতির ব্যাপক বিস্তার ও মানবাধিকারের চরম লঙ্ঘনে দেশ আজ ক্ষতবিক্ষত। যে কারণে অনেক অনুনয়-বিনয়ের পরেও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার।’ গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রিন্স অভিযোগ করে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী ইউনিয়ন পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করে হয়রানি করছে। পদযাত্রার পর কেটে গেছে ৪ দিন অথচ গায়েবি মামলার মিছিল থামছেই না। এই গায়েবি মামলাকে হাতিয়ার করে বিএনপি’র নেতাকর্মীদের ওপর চলছে নিষ্ঠুর দমন-পীড়ন ও হয়রানির তা-ব। এখন রাজনীতির বাইরে সাধারণ মানুষকেও আসামি করছে।’