এবার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতের এ ঘটনার কয়েক ঘণ্টা পর বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, তিনি নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী কৃষ্ণাঙ্গ পুরুষ। গড়নে ছোটখাটো এই ব্যক্তি মাস্ক পরা ছিলেন। তাকে এখন পর্যন্ত ধরা যায়নি। সন্দেহভাজন বন্দুকধারীর একাধিক ছবি প্রকাশ করেছে পুলিশ। ছবিতে দেখা যায়, তার পায়ে লাল রঙের কেডস। গায়ে জিনসের জ্যাকেট। মাথায় বেসবল ক্যাপ।

বিশ্ববিদ্যালয়টির পুলিশের অন্তর্বর্তীকালীন উপপ্রধান ক্রিস রজম্যান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের দুই জায়গায় গুলিবর্ষণ করা হয়েছে, বার্কি হল নামে একাডেমিক ভবনে এবং মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় (এমএসইউ) ইউনিয়ন ভবনে। ঘটনার ৩ ঘণ্টা পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের রজম্যান জানান, রাত ৮টার একটু পর গুলি শুরু হলে পুলিশ এসে উভয় জায়গায় হতাহতদের পায়।