অস্ট্রেলিয়ার কাছে টাইগ্রেসদের বড় ব্যবধানে হার

ইতিহাস নতুন করে সৃষ্টির লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন নিগার সুলতানারা। তবে সেই যাত্রাটা তাদের শুরু হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। এবার অস্ট্রেলিয়ার বিপেক্ষও বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগ্রেসদের। বাংলাদেশের দেওয়া মামুলি লক্ষ্য টপকে ৮ উইকেটের জয় পেয়েছে অসি মেয়েরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। সেন্ট জর্জ পার্কে ব্যাট করতে নেমে শুরুতেই ধ্বস নামে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সেটা কাটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে পাননি যোগ্য কোনো সঙ্গী। তার একার লড়াইয়ে কেবল তিন অংকের রান স্পর্শ করতে পেরেছে বাংলাদেশের মেয়েরা।

জ্যোতি ব্যাট হাতে একাই লড়াই করেছেন। তবে পাননি যোগ্য কোনো সঙ্গী। ছবি : এএফপি

অধিনায়ক জ্যোতি ৫০ বল খেলে ৫৭ রান করেছেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা। এছাড়া স্বর্ণা আক্তার ২৭ বল খেলে করেছেন ১২ রান। এর বাইরে আর কোনো ব্যাটারই দুই অংকের রানের দেখা পাননি। তাতে বাংলাদেশ ১০৭ রানের সংগ্রহ পায়।

অস্ট্রেলিয়ার হয়ে জর্জিয়া ওয়ারিহাম ২০ রান খরচায় তিন উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা। এছাড়া ডার্কি ব্রাউন নিয়েছেন আরও দুটি উইকেট।

১০৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে অস্ট্রেলিয়া সেটা টপকে গেছে ১০ বল হাতে রেখেই। হারায় মাত্র দুটি উইকেট। মারুফা ও স্বর্ণা দুজনেই নিয়েছেন একটি করে উইকেট।