বিপিএলের শুরু থেকেই দাপুটে ছিল সিলেট স্ট্রাইকার্স। টানা পাঁচ ম্যাচে তারা জয় পেয়েছিল। অন্যদিকে টানা তিন ম্যাচ হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আগামীকাল এই দলই আসেরর ফাইনাল ম্যাচটিতে মুখোমুখি হবে।
ফাইনালের আগে দুই দল একে অন্যকে তিনবার মোকাবেলা করেছে। যার মধ্যে সফল কুমিল্লা। যদিও লিগ পর্বের প্রথম দেখায় সিলেট জয় পেয়েছিল, তবে দ্বিতীয় দেখায় লিটন দাসের বীরোচিত ইনিংসে হার মানতে হয় মাশরাফীদের। আর সবশেষ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার বোলাররা দাপট দেখান। তাতে ধ্বস নামে সিলেটের ব্যাটিং লাইন-আপে। শেষ পর্যন্ত হেরে যায় তারা।
টুর্নামেন্টে দুই দলের মুখোমুখিতে সফল কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস অবশ্য ফাইনালের প্রতিপক্ষ সিলেটকে হালকাভাবে নিচ্ছেন না। আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে সে কথাই জানালেন তিনি।
ফাইনালের আগে সিলেটকে প্রতিপক্ষ কিভাবে দেখছেন জানতে চাইলে ইমরুল বলেছন, ‘অবশ্যই ভালোভাবে দেখছি। কারণ তারা যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছিল এবং ফাইনালে আসছে। এটা তাদের কৃতিত্ব দিতে হবে। তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে তাদের যারা স্থানীয় ক্রিকেটার আছে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। আমরা তাদের দুটি ম্যাচে হারিয়েছে...। তবে সিলেট অবশ্যই শক্তিশালী দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলিং লাইন-আপ শক্তিশালি। এটা যেমন দাবি করলেন, তেমনি সিলেটের বোলাররাও দাপুটে এটাও স্বীকার করেছেন ইমরুল। তিনি বলেছেন, ‘দেখুন, আমাদের দল তো সেটআপ হয়ে গেছে। আগে ব্যাটিং করি বা পরে ব্যাটিং করি এটা নিয়ে আমাদের ম্যাটার করে না। কারণ আমরা কাকে কখন বোলিং করাবো এটা ম্যাটার করে। শিশির থাকলে শুরুতে যে বোলিং করবে বা শেষে যে ফিল্ডিং করবে... এই জিনিসটা আসলে পুরোটা আমাদের ওপর নির্ভর করে। দুই দলেরই বোলিং শক্তিশালী আমি মনে করি। দুই দলের বোলিং শক্তিশালী না হলে তো ফাইনাল খেলতে পারতো না। এই সিদ্ধান্তটা আসলে মাঠেই হয়। এখানে বলা কঠিন।’