নাটোরের সিংড়ায় পদযাত্রায় অংশ নেওয়ায় বিএনপি নেতা শাহজাহান আলীকে দু’দফা মারধরের অভিযোগ উঠেছে। তিনি চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌগ্রাম স্কুল অ্যান্ড কলেজের ল্যাব সহকারী।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চৌগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌগ্রাম ইউনিয়নে পদযাত্রা করে ইউনিয়ন বিএনপি। সেই পদযাত্রায় অংশ নেওয়ায় বুধবার সকালে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান আলীকে মারপিট করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। পরে তিনি কর্মস্থল চৌগ্রাম স্কুল অ্যান্ড কলেজে গেলে হাজিরা খাতায় সাক্ষর করার সময় দ্বিতীয় দফায় মারধর করা হয়। এ সময় ধাওয়া খেয়ে বাড়িতে পালিয়ে যান শাহজাহান।
খবর পেয়ে বাড়ি থেকে দেশীয় অস্ত্র সহ শাহজাহানকে আটক করে পুলিশ। আটকের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিএনপি নেতাকে মারধরের খবর পেয়ে পুলিশ উদ্ধারের জন্য তার বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র (ডেগার) পায়। এসময় তাকে দেশীয় অস্ত্রসহ আটক করে চিকিৎসা দেওয়া হয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রায় অংশ নেওয়ায় শাহজাহানকে দু’দফা মারপিট করেছে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।