আগামী জাতীয় সংসদ নির্বাচনকালে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া যেকোনো দায়িত্ব পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ‘নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য যে দায়িত্ব আমাদের অর্পণ করবে, সেই দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করব।’ গতকাল বুধবার শরীয়তপুরের নড়িয়ায় এক অনুষ্ঠানে গিয়ে আগামী নির্বাচনে পুলিশের ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
গতকাল সন্ধ্যায় স্থানীয় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।