আজও অস্বাস্থ্যকর বায়ু ঢাকায়

কিছু দিন বায়ুদূষণের শীর্ষে থাকার পর আজ রাজধানী ঢাকার অবস্থান হয়েছে পঞ্চম। তবে আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৭। আজ তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৯৮।

একিউআই স্কোরে একই সময়ে বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তানের কাবুল, স্কোর ১৯০। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পোল্যান্ডের ক্রকো। চতুর্থ স্থানে আছে যথাক্রমে ভারতের দিল্লি, স্কোর ১৮৮।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।