শিরোপার লড়াইয়ে সিলেটকে ব্যাটিংকে পাঠাল কুমিল্লা

অপেক্ষার প্রহর শেষে এবার মাঠের লড়াইয়ের পালা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে খেলা। এর আড়ে সন্ধ্যা ৬টায় টস অনুষ্ঠিত হয়। যেখানে হেসেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন সিলেটকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইমরুল।

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেই শুধুমাত্র ঈর্ষনীয় রেকর্ড নেই মাশরাফীর। বিপিএলেও অধিনায়ক হিসেবে সেরা সাফল্য তার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফী। প্রথম পাঁচ আসরের মধ্যে চারটিতে অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরেছেন ম্যাশ।

২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে শিরোপা জিতেন মাশরাফী। এরপর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপার স্বাদ পান। পরবর্তীতে ২০১৭ সালে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হন মাশরাফী।

মাশরাফীর পর অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ দুইবার বিপিএলের শিরোপা জয় করেছেন ইমরুল কায়েস। ২০১৮ ও ২০২২ সালে কুমিল্লার হয়ে দুবার শিরোপা জিতেছেন তিনি।

এখন পর্যন্ত বিপিএলের ফাইনালে কখনও হারেননি মাশরাফী। এজন্য প্রথমবারের মত ফাইনাল খেলার সুযোগ পাওয়া সিলেট মাশরাফির নেতৃত্বে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।

প্লেয়ার ড্রাফটের পর শিরোপা দৌঁড়ের তালিকায় নাম না থাকলেও মাশরাফীর নেতৃত্বে যেভাবে ফাইনালে উঠেছে তাতে আত্মবিশ্বাসী সিলেট। অভিজ্ঞ ও তরুণদের সম্বনয়ে দল গড়েছিল তারা। দলের তরুণ খেলোয়াড়দের বড় কোন টুর্নামেন্টে বলার মত সাফল্য ছিলো না। কিন্তু মাশরাফী ম্যাজিকে ম্যাচ জয়ী খেলোয়াড় হয়ে উঠেছেন তৌহিদ হৃদয়, জাকির হাসান, তানজিম হাসান সাকিবরা। দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তারা।

ফাইনালে মাশরাফীর দলের প্রতিপক্ষ কুমিল্লাও দুর্দান্ত ফর্মে আছে। সিলেটের বিপক্ষেসহ প্রথম তিন ম্যাচ হারের পর টানা ১০ ম্যাচে জয় পায় তারা। এ সময় সিলেটকে দুবার হারায় দলটি। দ্বিতীয় লেগে ও প্রথম কোয়ালিফাইয়ারে জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে কুমিল্লা।

মাশরাফীর মতো কোনো ফাইনালে হারেননি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও। যদিও দুবার ফাইনাল ম্যাচ খেলেছেন তিনি। শিরোপা জিতলে বিপিএলের সবচেয়ে সফলতম দলের তকমা পাবে কুমিল্লা। ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে সরিয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হব তারা। গ্ল্যাডিয়টর্স এবং ডায়নামাইটস নামে তিনবার শিরোপা জিতেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।