নাটোরের বাগাতিপাড়ায় আগাছানাশক ওষুধ স্প্রে করে রাতের আঁধারে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ভুট্টাগাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকূজা মাঠে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার জমির মালিক ও স্থানীয়দের বিষয়টি নজরে আসে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন জানান, নন্দীকূজা এলাকার মতেজানের কাছ থেকে জমিটি সাড়ে তিন লাখ টাকায় বন্ধকী নিয়েছেন তিনি। সেই জমিতে প্রায় এক মাস আগে ভুট্টার বীজ রোপণ করেন। বীজ থেকে চারা গজালে সেচ ও সার দিয়ে সবে গাছগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। এমন সময় দুর্বৃত্তরা শত্রুতা করে রাতের আঁধারে ঘাস পোড়ানো কীটনাশক স্প্রে করে জমির সব ভুট্টাগাছ পুড়িয়ে দিয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’