জাপান থেকে সঙ্গে করে নিয়ে আসা দুই শিশুকে নিজের জিম্মা পেতে তাদের বাবা ইমরান শরীফের করা মামলা খারিজের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে সন্তানদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালত ইমরান শরীফ ও মা নাকানো এরিকোকে সমঝোতায় বসার তাগিদ দিয়েছে। এছাড়া পারিবারিক আদালতের এ মামলার রায়সহ যাবতীয় নথি তলব করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা জজ আদালতের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া এসব আদেশ দেন।
গত ২৯ জানুয়ারি ইমরান শরীফের করা মামলা খারিজের রায় দেয় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক। ফলে দুই সন্তানের জিম্মা পান মা জাপানি নাগরিক নাকানো এরিকো। এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন বাবা। গত ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশীদ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছোট মেয়েকে একদিন অন্তর বাবা ও মায়ের কাছে রাখতে নির্দেশ দিয়ে মামলাটি জেলা জজ আদালতে পাঠান। এরপর ইমরান শরীফের আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ১৬ ফেব্রুয়ারি ধার্য হয়।
এর ধারাবাহিকতায় গতকাল জেলা জজ আদালতে শুনানি হয়। আদালতে ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাসিমা আক্তার। নাকানো এরিকোর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যাডভোকেট নাসিমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘আদালত উভয় পক্ষকে সমঝোতার তাগিদ দিয়েছেন। তবে নির্ধারিত কোনো তারিখ দেননি। আমরা সমঝোতার চেষ্টায় বসব। আশা করি সমাধান হবে।’ শিশির মনির বলেন, ‘আলোচনায় বসতে শিশুদের মায়ের পক্ষে কখনো আপত্তি ছিল না, এখনো নেই। সন্তানদের কল্যাণ বিবেচনায় খোলা মনে আলোচনার পথ উন্মুক্ত।’