শিক্ষার্থীদের বিক্ষোভের পর গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে এ আদেশের কথা জানানো হয়।
কলেজ পরিচালনায় অদক্ষতা, অযোগ্যতা এবং গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ ছাড়া এই পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অ্যাডহক কমিটি গঠন করে অনুমোদনের জন্য বোর্ডে পাঠানোরও অনুরোধ করা হয়েছে।