জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করে গণরুম প্রথা বিলুপ্তিসহ চার দফা দাবিতে মশাল মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল বের করেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। কয়েকটি সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বের করা, নির্মিতব্য বাকি চারটি হল চালু করা, হলগুলোতে প্রশাসনের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভর্তুকি দিয়ে আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের মান নিশ্চিত করা। মিছিল ও সমাবেশে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এবং চলচ্চিত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে আগামী ১ মার্চের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে প্রশাসনিক ভবন অবরোধের আলটিমেটাম দেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায়। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা হাজারো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেই গণরুমের মতো অব্যবস্থাপনা দেখতে পায়। এখাানে পাওয়া যায় না শিক্ষার ন্যূনতম সুযোগ। মানবেতর জীবনযাপন করতে হয়; সঙ্গে আছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের চোখ রাঙানি।’ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক কনজ কান্তি রায় বলেন, ‘গণরুমে শিক্ষার্থীদের স্বপ্নকে হত্যা করা হয়। হলগুলোতে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাদের আফিম খাওয়ার রুম থাকে, অথচ নবীন শিক্ষার্থীদের থাকার জায়গা হয় না।’
উন্নয়নের মুলা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে বলে দাবি করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বস্তির মতো পরিবেশে। গণরুমের কশাঘাতে শিক্ষার্থীদের লালিত স্বপ্নগুলো নিমিষেই মাটি হয়ে যায়।’