সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে পর্দা নেমেছে টুর্নামেন্টের নবম আসরের।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়েছে টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা ক্রিকেটারদের। যাদের মধ্যে ৫১৬ রান করে সেরা ব্যাটার ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন নাজমুল হোসেন শান্ত, জিতেছেন ১৫ লাখ টাকা।
৫১৬ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্কার উঠেছে নাজমুল হোসেন শান্তর। সিলেট স্টাইকার্সের বাঁহাতি এই ব্যাটার জিতেছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরষ্কারও। সর্বোচ্চ রান সংগ্রাহকের ৫ লাখ ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের ১০ লাখ সহ সব মিলিয়ে ১৫ লাখ টাকার পুরষ্কার জিতেছেন শান্ত।
নবম আসরের চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ২ কোটি টাকা। অন্যদিকে রানার্স আপ দল সিলেট স্ট্রাইকার্স ১ কোটি টাকা আয় করেছে।
প্লেয়ার অব দ্যা ফাইনালের পুরষ্কার উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জনসন চার্লসের হাতে। লক্ষ্য তাড়ায় নেমে তার শেষের ঝড়েই শিরোপা জেতার কাজটা সহজ হয় কুমিল্লার। তার হাতে উঠেছে ৫ লাখ টাকার প্লেয়ার অব দ্য ফাইনালের পুরষ্কার।
৩ লাখ টাকার সেরা ফিল্ডারের পুরষ্কার জিতেছেন রানার্স আপ সিলেট স্টাইকার্সের উইকেট রক্ষক মুশফিকুর রহিম। টুর্নামেন্টের সর্বোচ্চ ১১ ডিসমিসাল মুশফিকের নামের পাশে।
সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরষ্কার যৌথভাবে জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। দুজনেই শিকার করেন ১৭ উইকেট। তারা জিতেছেন ৫ লাখ টাকার পুরষ্কার।