ঢাকার দুই প্রান্তে বিএনপির পদযাত্রা দুপুরে

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার ‘পদযাত্রা’ করবে বিএনপি। মতিঝিলের গোপীবাগ থেকে দুপুর আড়াইটায় পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরার জসীম উদ্দীন রোড থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এছাড়া শনিবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমত নির্বিশেষে সবাইকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এদিকে বিএনপির বাইরে বর্তমান সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোও আজ আলাদাভাবে পদযাত্রা কর্মসূচি পালন করবে। এর মধ্যে মোস্তফা মোহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম বিকেল ৩টায় মতিঝিলের আরামবাগ থেকে পদযাত্রা শুরু করবে। ড. কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিকেল ৪টায় রাজধানীর পূর্ব পান্থপথ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে। এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরের আল রাজী কমপ্লেক্স থেকে পদযাত্রা শুরু করবে।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি, মিথ্যা অভিযোগে মামলা, গ্রেপ্তার ও গুলিসহ ‘দমন-নিপীড়নের’ প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ ১০ দফা দাবিতে সারা দেশে সব মহানগরে এই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর পূর্বঘোষিত কর্মসূচি থাকায় তারা এই দফায় যুগপৎ কর্মসূচি পালন করবে না। তবে পরবর্তী কর্মসূচি যুগপৎভাবে পালন করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রার নেতৃত্ব দেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা মহানগর উত্তরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশের মহানগরগুলোতে যে পদযাত্রা কর্মসূচি হবে সেগুলোতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতারা নেতৃত্ব দেবেন। ময়মনসিংহে পদযাত্রায় নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নারায়ণগঞ্জে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় আরেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, গাজীপুরে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে দলের যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পদযাত্রায় নেতৃত্ব দেবেন।