যুক্তরাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করা চীনা বেলুন ধ্বংসের ঘটনায় ক্ষমা চাওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রথমবার জনসমক্ষে এ বিষয়ে কথা বলার সময় বাইডেন বলেন, আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব। খবর এএফপির।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনা বেলুন ধ্বংস করার জন্য কোন ক্ষমা চাইতে রাজি নই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের আকাশে ‘অজ্ঞাত বায়বীয়’ বস্তুর দেখা মিললে কী করতে হবে, তা নিয়ে তার প্রশাসন নতুন করে চিন্তাভাবনা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে এই ধরনের সন্দেহজনক বেলুনের সংখ্যা হঠাৎ করে বেড়েছে বলে কোনও প্রমাণ নেই। তবে চীনা বেলুনের দেখা মেলার পর থেকে যুক্তরাষ্ট্র আরও বেশি সতর্ক হয়েছে।
বাইডেন জানান, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে যে ‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করা হয়েছিল, তা চীনের হলেও তার পরের বেলুনগুলো চীনের নয়। সম্ভবত ওই বেলুনগুলো কোনও বেসরকারি সংস্থা বা গবেষণা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হচ্ছিল।
তিনি বলেন, আমরা চীনের সঙ্গে কোনও বিরোধ চাই না, প্রতিযোগিতা চাই। আমরা কোনও নতুন ঠান্ডা লড়াইয়ের পথে যেতে চাইছি না।একই সঙ্গে ‘গুপ্তচর’ বেলুনগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্ত নিয়ে তাকে যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তাকেও বেশি আমল দিতে রাজি নন বলেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের ‘স্পর্শকাতর’ সামরিক কেন্দ্রগুলোর ওপর নজরদারি চালাচ্ছে দাবি করে ৪ ফেব্রুয়ারি চীনের বেলুনগুলো করে নামায় প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যদিও বেইজিং সেই দাবি অস্বীকার করে জানায়, ওই বেলুন শুধুমাত্র আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তাপ বেড়েছে। আমেরিকাকে এক প্রকার হুঁশিয়ারিও দিয়েছে চীন।