স্বামীকে ‘ভাই’ ডেকে চোখে ধুলো দিয়েছিলেন স্বরা

কদিন আগেই গাঁটছড়া বাধলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। এর মধ্যেই জানা গেল বিয়ে করেছেন আরেক অভিনেত্রী স্বরা ভাস্কর। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে জীবনসঙ্গী করেছেন স্বরা। জানুয়ারি মাসের ৬ তারিখ কোর্ট ম্যারেজ করেছেন দুজন, যদিও তা প্রকাশ্যে আসে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন হঠাৎ করেই টুইটারে একটি ভিডিও পোস্ট করেন স্বরা। তাতেই জানালেন সবটা।

তবে এর মধ্যেই সোশ্যালে ঘুরছে একটি পুরনো টুইট। তাতে দেখা যায়, স্বামী ফাহাদকে ‘ভাই’ সম্বোধন করেছেন স্বরা, যা নিয়ে রসিকতা করছেন অনেকে।

জানা গেছে, সেদিন ছিল ফাহাদের জন্মদিন। টুইটারে তাকে উষ্ণ শুভেচ্ছা জানান স্বরা। তিনি লিখেছিলেন ‘শুভ জন্মদিন ফাহাদ মিয়া। আশা করছি ভাইয়ের আত্মবিশ্বাস অটুট থাকবে। আনন্দে থাক। স্থির হও। যেহেতু বয়স বাড়ছে, এ বার একটা বিয়ে করে নাও। বছর দারুণ কাটুক’।

উত্তরে ফাহাদ বলেন, ‘তোমার ভাইয়ের আত্মবিশ্বাস নিশান ওড়াচ্ছে। ঠিক তো রাখতেই হবে। তুমি কথা দিয়েছিলে আমার বিয়েতে আসবে। সময় বের কর, আমি পাত্রী খুঁজে পেয়েছি!’ স্বরা-ফরহাদের এই কথোপকথনের নমুনা এত দিনে স্পষ্ট হলো সবার কাছে। নাকের ডগায় মজা করছিলেন এই জুটি। কিন্তু কাকপক্ষীও টের পায়নি।

চিত্রনাট্যকার হিমাংশু শর্মার সঙ্গে প্রেম ছিল স্বরার। সেই প্রেম ভেঙে গেছে আগেই। বৃহস্পতিবার টুইটারে পোস্ট করা ভিডিওতে স্বরা লেখেন, ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে। আমরা ভালোবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল, কিন্তু এই মন তোমার’।

বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই রাজনীতির মঞ্চে দেখা মিলছে স্বরার। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী। স্পষ্টবাদী হিসেবে নাম আছে তার। ফলে ফাহাদ-স্বরার বিয়েতে উচ্ছ্বসিত সমাজকর্মী থেকে রাজনৈতিক মহল।