তুরস্ক এবং সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মানবিক সহায়তা প্রদানের জন্য ফিফা ফাউন্ডেশনে ১০ লাখ ডলার বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।
ফিফা জানিয়েছে, তারা তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) ও সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এসএফএ) পাশাপাশি ‘আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থাগুলোর’ সঙ্গে পরামর্শ করেছে।
এর আগে গত শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় মানবিক কার্যক্রমে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে।