করাচি পুলিশ সদর দপ্তরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলা

পাকিস্তানের রাজধানী করাচিতে পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে শারিয়া ফয়সাল এলাকার সদর দপ্তরে এ হামলা শুরু হয় এবং এখনো তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে একাধিক গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদদাতারা বলছেন, পুলিশ সদর দপ্তরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে।

হামলার পর পুলিশ সদর দপ্তরের ভেতরে থাকা কর্মীরা বাতি নিভিয়ে দিয়েছেন। অবরুদ্ধ করে রেখেছেন ঢোকার দরজা। অন্যদিকে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, হামলাকারীরা পুলিশের পোশাক পরে কার্যালয়ে প্রবেশ করে। হামলাকারীদের প্রতিহত করতে পুলিশ কার্যালয়ে অভিযান চলছে। ইতোমধ্যে দুই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

তবে ঠিক কতজন সন্ত্রাসী এই হামলায় জড়িত তা এখনই বলা যাচ্ছে না।