মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা গেজেটে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এমএ মতিনের নাম অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল শুক্রবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এমন অভিমত ব্যক্ত করেন তারা। পরে তারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধারা অবিলম্বে মুক্তিযোদ্ধা গেজেট থেকে এমপি এমএ মতিনের নাম বাতিলের দাবি জানান।
লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু অভিযোগ করেন, বর্তমান এমপি এমএ মতিনসহ উলিপুর উপজেলার দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদের নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে। এটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার বিষয়। এ বিষয়ে এমপি এমএ মতিন বলেন, তারা তো কেউ মুক্তিযোদ্ধা না। আগামী রবিবার এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানান।