ক্র্যাক প্লাটুনের বন্ধু ডালমিয়ার ডানহাত

কেউ কেউ সবসময় খুঁজে ফেরে পাদপ্রদীপের আলো, কেউ থাকতে ভালোবাসেন নিভৃতচারী হয়ে। সৈয়দ আশরাফুল হক দ্বিতীয় দলের মানুষ। ক্রিকেট খেলেছেন, ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন সর্বোচ্চ পর্যায়ে, এখনো ক্রিকেট প্রশাসনের সঙ্গেই জড়িয়ে আছেন। কিন্তু কখনোই এই নিয়ে তাকে আত্মম্ভরী কথাবার্তা বলতে শোনা যায়নি। বাংলাদেশের টেস্ট মর্যাদাপ্রাপ্তির পেছনেও সৈয়দ আশরাফুল হকের ক্রিকেট কূটনীতির অবদান অনেক। অথচ নিভৃতচারী এই মানুষ বলতে গেলে হারিয়েই গেছেন দেশের ক্রিকেট অঙ্গন থেকে, যেখানে এখন শুধুই মৌসুমি ক্রিকেটপ্রেমীদের দাপট।

আসলে সৈয়দ আশরাফুল হক মানুষটাই এমন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে বন্ধু আব্দুল হালিম জুয়েলদের সঙ্গে তিনিও যেতে চেয়েছিলেন রণাঙ্গনে। কিন্তু মাত্র ফেব্রুয়ারি মাসেই বিয়ে করা আশরাফুলকে রণাঙ্গনে যেতে দেননি জুয়েল। আশরাফুলের ভাষায়, ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে আমি বিয়ে করি। জুয়েল ছিল আমার বিয়ের সাক্ষী। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে আমি যুদ্ধে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ি। কিন্তু জুয়েল বলেছিল, ‘নতুন বিয়ে করেছিস। যুদ্ধে যাওয়ার দরকার নেই। তুই ঢাকায় থেকেই মুক্তিযুদ্ধে অবদান রাখতে পারিস।’ তাই সরাসরি রণাঙ্গনে না গিয়েও ঢাকায় থেকেই ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধাদের অনেক রকম সহায়তা করেছেন আশরাফুল, নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেছেন অপারেশনে। সেনা টহলের মুখে পড়লে কাজে দিত ক্রিকেটার পরিচয়টা, জানান আশরাফুল। তিনি বলেন, ক্র্যাক প্লাটুনের অনেক গেরিলাই আমার বন্ধুবান্ধব ছিল। ওদের নানাভাবে সাহায্য করেছি। শহীদ জননী জাহানারা ইমামের বড় ছেলে শহীদ রুমি ছিলেন আমার খুব পরিচিত। স্বাধীনতাযুদ্ধের আগে অনেক সময় একসঙ্গে কাটিয়েছি আমরা। কতবার যে নিজে গাড়ি চালিয়ে ক্র্যাক প্লাটুনের সদস্যদের রসদ নানা জায়গায় পৌঁছে দিয়েছি! একবার তো প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। মোহাম্মদপুর থেকে কিছু স্টেনগান আর গ্রেনেড তুলেছি গাড়িতে। ওগুলো ছিল বাজারের চটের ব্যাগে। পথে একটা সেনা চেকপোস্টে গাড়ি দাঁড় করাতে হলো। আমি ভেতরে-ভেতরে শেষ। কিন্তু মাথা ঠান্ডা রেখে সৈনিককে বললাম, ‘আমি ক্রিকেটার। পূর্ব পাকিস্তান দলে খেলি।’

যুদ্ধ শেষ হলো, স্বাধীন হলো বাংলাদেশ। লাল-সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের কোনো ক্রিকেট দলের প্রথম বিদেশ সফরের দলে নিজ যোগ্যতাতেই জায়গা করে নিলেন আশরাফুল। ‘আসলে আমার মনে হয় ১৯৭৯ সালের আইসিসি ট্রফির দলে আমিই ছিলাম একমাত্র ক্রিকেটার যার ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা ছিল। আমি ইংল্যান্ডে পড়ার সময় মিডলসেক্স কাউন্টির লিগে স্থানীয় একটা দলের হয়ে খেলেছি। আমরা ফিজিকে হারাই আর মালয়েশিয়াকে হারাই। আমি মনে করি ডেনমার্ক ও কানাডার বিপক্ষেও আমাদের জেতা উচিত ছিল’, এক সাক্ষাৎকারে বলেছেন আশরাফুল হক। ফিজির বিপক্ষে অফস্পিনে আশরাফুল নিয়েছিলেন ২৩ রানে ৭ উইকেট যা দীর্ঘদিন বাংলাদেশের সেরা বোলিং নৈপুণ্যের রেকর্ড হিসেবে টিকেছিল। সেসময়ের ক্রিকেটে এখনকার মতো টাকা-পয়সার ঝনঝনানি ছিল না। নৌবাহিনীর ব্যারাকে অনুশীলন, অনেকটা সৈনিক জীবনের মতো শারীরিক প্রশিক্ষণেই হতো দিনের শুরু। সাতসকালে ঠান্ডা পানিতে গোসল করার সেই দিনগুলোই আইসিসি ট্রফির আগে দলটাকে শারীরিকভাবে প্রস্তুত করেছিল বলেই বিশ্বাস আশরাফুলের, যদিও আক্ষেপ আছে সেই সফরে দলের প্রত্যাশা অনুযায়ী ভালো না করার।

ক্রিকেটার জীবনের ইতি টানেন ৮০’র দশকে। এরপরই আশরাফুল হকের সঙ্গে দেখা হয় এমন একজনের, যার সংস্পর্শে এসে ক্রিকেট কূটনীতি আর অর্থনীতির অন্দরমহলে অবাধ প্রবেশাধিকার পেয়ে যান। সেই মানুষটির নাম জগমোহন ডালমিয়া, ভারতের ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি। যার হাত ধরে ক্রিকেটে লেগেছে বিশ্বায়নের ছোঁয়া। আশরাফুল হকের সঙ্গে ডালমিয়ার পরিচয় ৮০’র দশকেই। ‘আমি তখন আজাদ বয়েজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক। ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) একটি দল আসে ঢাকায়, তখন ডালমিয়া ঢাকায় আসেন। সেই থেকে পরিচয়, এরপর তো বলা যায় আমরা এক পরিবারের মতোই হয়ে গেলাম’, বললেন আশরাফুল।

ডালমিয়ার হাত ধরেই ক্রিকেট কূটনীতির অন্দরমহলে নিত্য যাতায়াত শুরু হয় সৈয়দ আশরাফুল হকের। ডালমিয়াই বুঝেছিলেন, ক্রিকেট খেলাটাকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মুঠো থেকে বের করে আনতে হবে, বুঝতে পেরেছিলেন ওয়ানডে ক্রিকেটের বাণিজ্যিক সম্ভাবনা। ১৯৯৬ সালে উপমহাদেশের তিন দেশÑ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে আয়োজন করল ক্রিকেট বিশ্বকাপ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ইডেন গার্ডেনসে। চোখ ধাঁধানো লেজার শো আর মিস ইউনিভার্স সুস্মিতা সেনের হাতে অংশগ্রহণকারী সব দলের অধিনায়কের পতাকা। সেই উদ্বোধনী অনুষ্ঠানের পুরো আয়োজন একা সামলেছেন ‘অ্যাশ’ নামে পরিচিতি পাওয়া আশরাফুল। তিনি বলেন, ‘১৯৯৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সব দায়িত্ব উনি (ডালমিয়া) দিলেন আমার হাতে। অথচ কে আমি? বাংলাদেশ তো খেলছেই না! সবটাই হয়েছে ডালমিয়ার জন্য, উনি আমাকে রেখেছেন তাই কেউ কিছু বলেনি। কারণ উনিই ছিলেন বিশ্বকাপের প্রধান আয়োজক, স্থানীয় আয়োজক কমিটির আহ্বায়ক।’

সফল সেই বিশ্বকাপ আয়োজনের পর ১৯৯৮ সালে ঢাকায় হলো প্রথম মিনি বিশ্বকাপ বা আইসিসি নকআউট ট্রফি, যা এখন চ্যাম্পিয়নস ট্রফি নামে পরিচিত। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর খুলে গেল ১৯৯৯ সালের বিশ্বকাপে খেলার দরজা, সেখানে পাকিস্তানকে হারানোর পর দাবি উঠল টেস্ট মর্যাদার। কেনিয়া এবং নেদারল্যান্ডসও টেস্ট মর্যাদার জোরালো দাবিদার, সেখানে কীভাবে বাংলাদেশ তাদের আগে টেস্ট মর্যাদা পেয়ে যায় সেই লম্বা গল্পটাও শুনিয়েছেন আশরাফুল হক। ‘১৯৭৬ সালে আইসিসির বার্ষিক সভাতেই বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে আলোচনা হয়। যেহেতু বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল এবং পরে স্বাধীন হয়েছে, আর পাকিস্তান টেস্ট মর্যাদাপ্রাপ্ত দেশ তাই বাংলাদেশও টেস্ট মর্যাদা পাবে। এই ছিল আলোচনা, কিন্তু অনেকগুলো দেশ এতে রাজি হয়নি এবং বলা হয় আগে বাংলাদেশকে আইসিসির সহযোগী সদস্য হতে। তারপর যখন ১৯৯৭ সালে আমরা আইসিসি ট্রফি জিতলাম তখন আবার এই প্রসঙ্গটা আসল। আমি সাবেরকে (সাবের হোসেন চৌধুরী) বললাম যে, আমাদের একজনকে আইসিসির ডেভেলপমেন্ট কমিটিতে থাকতে হবে কারণ এই কমিটিই সহযোগী সদস্যদেশগুলো থেকে পরের ধাপে যেতে মনোনয়ন দেবে। একজন কমিটিতে থাকলে ভেতরে ভেতরে বাংলাদেশের জন্য কাজ করা সহজ হবে। সাবের বলল, ‘আমার তো এখানে প্রথমবার, এখানেই কেউ আমাকে চেনে না। তুমিই নির্বাচন কর।’ নির্বাচনে আমি সবচেয়ে বেশি ভোট পেলাম। এরপর কমিটি থেকে যখন কেনিয়া ও নেদারল্যান্ডসের নাম উত্থাপন করার প্রস্তাব হয় তখন আমি বাধা দিয়ে বললাম, না, বাংলাদেশের নাম প্রস্তাব করা হোক। বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছে,’ স্মৃতি হাতড়ে বলছিলেন আশরাফুল। এভাবে নানান কৌশলে ও কূটনীতিতে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধানদের সম্মতি আদায় করে, আইসিসির প্রণীত কৌশলপত্র বাস্তবায়ন করে অবশেষে বাংলাদেশের টেস্ট মর্যাদার দ্বার খুলতে পারেন সাবের-আশরাফুল জুটি। ২০০০ সালে টেস্ট মর্যাদা না পেলে বাংলাদেশের ক্রিকেট যে অনেকখানি পিছিয়ে পড়ত তার প্রমাণ তো হাতের কাছেই আছে। কেনিয়া যে হারিয়েই গেছে ক্রিকেট থেকে আর বাংলাদেশের পর আফগানিস্তান ও আয়ারল্যান্ড টেস্ট মর্যাদা পেয়েছে ২০১৭ সালে। আইসিসি ট্রফি জয়ের পর ক্রিকেটের যে জোয়ার এসেছিল, টেস্ট মর্যাদা না পেলে তাতে নিশ্চিতভাবেই ধরত ভাটার টান।

১৯৭১ সালের মার্চে পূর্ব পাকিস্তানের যুবদলের বিপক্ষে খেলতে বাংলাদেশে এসেছিল পশ্চিম পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল। সেই দলে খেলেছিলেন ইমরান খান। ইমরানকে আশরাফুল বলেছিলেন, ‘এরপর ঢাকায় আসতে ভিসা লাগবে।’ ইমরান হেসে উড়িয়ে দিলেও পরে লন্ডনে ঠিকই আশরাফুলকে বলেছিলেন যে, সেনাবাহিনীর এসব কাজকর্মের ব্যাপার তিনি জানতেন না। এই প্রসঙ্গের উল্লেখ আছে ইমরানের আত্মজীবনীতেও।

খেলোয়াড় হিসেবে ক্রিকেট মাঠে এবং সংগঠক হিসেবে ক্রিকেট কূটনীতিতে সুদক্ষ ও কৌশলী আশরাফুল হক কর্মসূত্রে বেশিরভাগ সময়ই থাকেন মালয়েশিয়ায়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বাঁকবদলের নেপথ্যের নায়ক এখন কাজ করছেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেইসহ নানান দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে। অথচ তার মাপের সংগঠকের কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল বাংলাদেশের, কেন পেলেন না সেই প্রশ্ন না হয় তোলাই থাক।