কক্সবাজারের রামু উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে সমীর ধর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সমীর ধর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মিঠাছড়ির পূর্ব ওমখালীর পশ্চিম ধরপাড়ার মৃত কালী শংকর ধরের ছেলে। আহতরা হলেন রাজারকুল ধরপাড়ার অনিল ধরের ছেলে তাপস ধর ও সুকুমার ধর। তারা সম্পর্কে নিহত সমীরের ভাইপো।
পরিবার, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমীরদের সঙ্গে স্থানীয় বাবুল ধরদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছে। সকালে সমীর ধর বিরোধপূর্ণ জমিতে সীমানা বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।