পিএসজি ছাড়ছেন নেইমার, যাচ্ছেন ইংল্যান্ডে!

ফরোয়ার্ড নেইমার পিএসজি ছাড়ছেন! এমন গুঞ্জন শুরু হয়েছিল গত বছরের মার্চ থেকেই। ফরাসি ক্লাবটি তাকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে বলেও ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল। পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি চলে গিয়েছিল হাতাহাতি পর্যন্ত। তবে সেই গুঞ্জন উড়িয়ে দুজনেই মাঠে ফিরেছিল হৃদ্যতা প্রকাশ করে। তাতে কিছুদিন চাপা পড়েছিল ব্রাজিলিয়ান ফুটবল তারকার প্যারিস ছাড়ার খবর।

তবে ফের সেই খবরের পুনর্জাগরণ হয়েছে। সাম্প্রতিক সময়ের নেইমারকে ঘিরে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, সেগুলোই সেই ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে হারের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সেই ম্যাচে হারের পর পোকার খেলতে যাওয়ায় দলের প্রতি নেইমারের নিবেদন নিয়েও উঠেছে প্রশ্ন। আর তাতেই তাকে ছেড়ে দেওয়ার খবর আবার ডালপালা মেলেছে।

সেই ডালপালার সূত্র ধরে নতুন খবর হচ্ছে, আগামী গ্রীষ্মে নেইমার নিজেই প্যারিস ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমানোর প্রস্তুতি শুরু করেছেন। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, এর মধ্যে নাকি একাধিক শীর্ষ ইংলিশ ক্লাবকে নিজের আগ্রহের কথা জানিয়েও রেখেছেন তিনি।

নেইমারের সঙ্গে পিএসজির অবশ্য ২০২৫ সাল পর্যন্ত চুক্তি বাকি আছে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে মৌসুম শেষেই তার বিদায় নেওয়া নাকি অনেকটাই সময়ের ব্যাপার। অবশ্য সেটা না হলে নেইমার এখনই কেন ক্লাব খুঁজতে নামবেন?

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, নেইমারের প্রতিনিধিরা এরই মধ্যে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলকে গ্রীষ্মকালীন দলবদলে তার উপলব্ধ হওয়ার কথা জানিয়ে রেখেছে।

তাদের দাবি, পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে চেলসির মালিক টড বোয়েলির সাম্প্রতিক বৈঠকে নাকি নেইমারকে নিয়েও আলোচনা হয়েছে। যদি আলোচনা ফলপ্রসূ হয়, তবে আগামী মৌসুমে হয়তো স্টামফোর্ড ব্রিজের গাঢ় নীল জার্সিতে দেখা যেতে পারে নেইমারকে।

শুধু চেলসিই নন, জোরের সঙ্গে শোনা যাচ্ছে নিউক্যাসলের নামও। যখন থেকে নেইমারের দলবদল প্রসঙ্গ সামনে এসেছে, তখন থেকেই নিউক্যাসলের আগ্রহের কথা ঘুরেফিরে সামনে আসছিল। তবে সময় গড়ানোর সঙ্গে বিশ্বের সবচেয়ে দামি তারকাকে কেনার লড়াইয়ে এগিয়ে আসতে পারে অন্য ইংলিশ ক্লাবগুলোও, যা জমিয়ে তুলতে পারে গ্রীষ্মের দলবদল।

পিএসজিতে নেইমারের চলতি মৌসুমটা অবশ্য ভালোই যাচ্ছিল। ২৮ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেছেন।