মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চীনের নাগরিক নিহত

মাদারীপুরের শিবচরে পিকআপ ভ্যানে ড্রাম ট্রাকের ধাক্কায় চীনের এক নাগরিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিন বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে শিবচরে আড়িয়াল খাঁ সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পথে চীনের নাগরিক শাউমির মৃত্যু হয়। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

শাউমিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পদ্মা সেতু রেল প্রকল্পের দোভাষী রিয়াজুল ইসলাম রনি দেশ রূপান্তরকে জানান, এই প্রকল্পে তিন-চার মাস ধরে সার্ভেয়ার হিসেবে কর্মরত শাউমি ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্পে থাকেন। সকালে তিন বাংলাদেশিসহ তিনি পিকআপ ভ্যান নিয়ে প্রজেক্টের কাজে বের হন। এ সময় আড়িয়াল খাঁ ব্রিজের পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে চারজনই গুরুতর আহত হন। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শাউমিকে ঢাকা মেডিকেলে আনা হয়।