ভারতের কাছে ফের তিন দিনে হার অস্ট্রেলিয়ার

নাগপুরে স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে তিন দিনেই পরাজিত করেছিল ভারত। দিল্লি টেস্টে অবশ্য ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল সফরকারিরা। কিন্তু তৃতীয় দিনে এসে ফের নাগপুর জুজু ভর করলো। দ্বিতীয় ইনিংস মোটে ১১৩ রান করে অলআউট হওয়ার খেসারত দিতে হলো অসিদের। জয়ের জন্য ১১৪ রানের লক্ষ্য ভারত তাড়া করে ফেলে ৪ উইকেট হারিয়ে। তাতে ৬ উইকেটের জয় পেয়ে যায় ভারত।

দ্বিতীয় ইনিংসে ১ রানে এগিয়ে থেকে আবার ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু শুরুটা ভালো করলেও ভারতের স্পিন ঘূর্ণিতে বিপর্যয় পড়ে সফরকারীরা। ৮৫ রানে তিন উইকেট হারানো অজিরা মাত্র ১১৩ রানে সব কয়টি উইকেট হারিয়ে বসে। একে একে অজিদের উইকেট তুলে নিতে থাকেন রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসেই জাদেজা নেন অজিদের ৭ উইকেট। আর বাকি তিন উইকেট তুলে নেন অশ্বিন।

জয়ের জন্য ১১৪ রানের সহজ লক্ষ্যে ভারতের জয় ছিলো প্রত্যাশিত। দ্বিতীয় ওভারের শুরুতে কেএল রাহুলের উইকেট হারালেও ব্যাট হাতে ঝড়ো শুরু করেন অধিনায়ক রোহিত শর্মা। রান আউটে কাটা পড়ার আগে ২০ বলে ৩১ রান করেন রোহিত। ২০ রান করে আউট হন বিরাট কোহলি।

কোহলির সংক্ষিপ্ত এই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫০০০ রান স্পর্শ করার রেকর্ডে গড়েন। শ্রেয়াস আইয়ার ১০ বলে ১২ রান করে ফিরে গেলেও পুজারা আর শ্রীকার ভরতের ব্যাটে ভর করে ১১৪ রান টপকে যায় ভারত। ফলে ৬ উইকেটে দিল্লি টেস্ট জয় করে নেয় স্বাগতিক ভারত। নিজের শততম টেস্টে ৩১ রানে অপরাজিত থাকেন পুজারা। আর ভরতের ব্যাট থেকে আসে ২৩ রান।

অজিদের হয়ে ২ উইকেট নেন নাথান লিয়ন। আর ১টি উইকেট নেন টড মারফি। বর্ডার-গাভাস্কার ট্রফির ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ভারত।