ভাল নেই সোনালী সাফল্যের অগ্রনায়ক রজনীকান্ত বর্মণ। এক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে স্বাভাবিক চলনশক্তি হারিয়েছেন ২০০৩ সাফ জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
ক্যানসারে মারা যাওয়া স্ত্রী ও নিজের চিকিৎসার বিপুল ব্যায়, দুই সন্তানের ভারতে শিক্ষা ও ভরনপোষণ, বৃদ্ধা মা ও বেকার ভাইকে নিয়ে সংসার চালাতে গিয়ে সর্বশান্ত হতে হয়েছে দেশসেরা এই সেন্টারব্যাককে। জমি-জমা এমনকি বসতবাড়িও বিক্রী করতে হয়েছে।
এ নিয়ে সম্প্রতি দৈনিক দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশিত হলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উদ্যোগী হয়ে রজনীর পাশে দাঁড়িয়েছেন।
অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন রজনীর পাশে দাঁড়ানোর সুযোগ নেই।
দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা হিসেবে সমস্যাগ্রস্থ ফুটবলার, সংগঠকদের পাশে দাঁড়ানোর কথা ছিল বাফুফেরই। রজনীর দুর্দশার চিত্রটি তুলে ধরা হলে সালাউদ্দিন আজ দেশ রূপান্তরকে বলেন, 'বাফুফের পক্ষ থেকে কিছুই করার নেই। সে রকম কোন সুযোগই রাখা হয়নি। তবে সে যদি ব্যক্তিগতভাবে কোন সহায়তা চায়, আমি তা করতে পারি।'
বাফুফে এড়িয়ে গেলেও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল নিয়মিতই খোঁজ নিচ্ছেন রজনীর। সৌদি আরবে সরকারি সফরে থাকাবস্থায়ও তিনি রজনীকে দ্রুত প্রধানমন্ত্রী বরাবর সহায়তার আবেদন করার তাগিদ দিয়েছেন।