শাহজালালে তৃতীয় টার্মিনাল প্রকল্পের ১০ কর্মীকে সম্মাননা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের ১০ কর্মীকে সম্মাননা ও নিরাপত্তা সনদ দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুর্ঘটনামুক্ত কর্মস্থল কামনায় এক দোয়া অনুষ্ঠানে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি প্রকল্পের নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করে বলেন, গুণগত মান বজায় রেখে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার ও বৃহৎ প্রকল্পগুলোর একটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রভাবে যখন সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, তখনো প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্মাণকাজ এক দিনের জন্যও থেমে থাকেনি। এজন্য বেবিচক চেয়ারম্যান সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখায় প্রকল্পের ১০ কর্মীকে নিরাপত্তা সনদ বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, প্রধান প্রকৌশলী আবদুল মালেক, প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুল ইসলাম প্রমুখ।