পীরগঞ্জ উপজেলা

অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

রংপুরের পীরগঞ্জ উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। আবার বেশিরভাগ প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না।

জানা যায়, পীরগঞ্জ উপজেলায় ১১৫ টি মাদ্রাসা থাকলেও, তাদের একটিতেও নেই শহীদ মিনার। এছাড়া ১০১টি মাধ্যমিক ও নিম্নমধ্যবিত্ত এবং ১০টি কারিগরি (ভোকেশনাল) মিলে ১১১টি বিদ্যালয়ের মধ্যে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়,কসিমননেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও লালদিঘী মেলা আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার থাকলেও বাকি ১০৮ টি বিদ্যালয়ে নেই কোন শহীদ মিনার। এছাড়াও ২৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৭ টি তেই নেই শহীদ মিনার নেই।

এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ না থাকায় শহীদ মিনার নির্মাণ সম্ভব হচ্ছে না।

অথচ ২০১৬ সালের (১১ ফেব্রুয়ারি) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশের যেসব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেগুলোতে অতি দ্রুত শহীদ মিনার নির্মাণ করতে হবে। এছাড়া যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলো সংস্কার করার জন্য নির্দেশ দেওয়া হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিক-উজ জামান দেশ রূপান্তরকে বলেন, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাউশি’র নির্দেশনার কথা জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া শহীদ মিনার তৈরির জন্য প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতিকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় দেশ রূপান্তরকে জানান, আমি শহীদ মিনারের সঠিক হিসেব জানিনা। শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করতে সব ধরনের ব্যবস্থা নিতে আমি শিক্ষা অফিসারদের সাথে কথা বলব।