জট খুলতে যাচ্ছে ব্যাডমিন্টনে

জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহের হস্তক্ষেপে জট ছুটতে যাচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনে। গত বছর ফেডারেশনের নির্বাচনের দিন এক আলো অধ্যায় রচিত হয়েছিল। নির্বাচনে অংশ নেওয়া দুই পক্ষ সমঝোতা করে ভোট প্রদানে বিরত থাকে। ব্যালট বাক্স থাকে শূন্য।

তাই বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের কর্মকর্তাদের দিয়ে অ্যাডহক কমিটি করে এতদিন চালিয়ে এসেছে ফেডারেশন। তবে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর উদ্যোগ নিয়েছেন পরিমল সিংহ।

জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক ক্রীড়া শাহ আলম সরদারের জায়গায় ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আজ প্রথম সভা করেন তিনি।

এই সভাতেই নির্বাচনের কর্মকান্ড শুরুর কথা বলেছেন পরিমল, ‘প্রথম সভাতেই নির্বাচনের ব্যাপারে কর্মকান্ড শুরু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কাউন্সিলরদের (ভোটার) নাম পাঠাতে বলা হবে জেলা ও ক্লাবগুলোকে। কাউন্সিলরদের নাম আসলে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ টেনিস ফেডারেশনেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের উদ্যোগ নেন। বর্তমানে সেখানে নির্বাচিত কমিটি কাজ করছে। ব্যাডমিন্টনের দায়িত্ব নেওয়ার পর এই অঙ্গনের মানুষের বিশ্বাস পরিমল দ্রুতই নির্বাচনের আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন নির্বাচিত কমিটির কাছে।