গুলশানে আগুন

ভবনটি ঝুঁকিমুক্ত নয়

রাজধানীর গুলশানে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বহুতল ভবনটিকে এখনও ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার আবদুল আহাদ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভবনের বাইরে নিরাপত্তার কাজে নিয়োজিত জানিয়ে ওই ডিএমপি কর্মকর্তা বলছেন, রাজউক-ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ভবনটি নিরীক্ষার পর নিরাপদ কি না জানা যাবে; তারপরই বাসিন্দারা ফিরতে পারবেন। নিরাপত্তার কারণে ভবনটির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে।

রাজউক অবশ্য প্রাথমিকভাবে জানিয়েছে, ভবনটি বিধি মেনেই নির্মাণ করা হয়েছে।

এর আগে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কে ওই ভবনে আগুন লাগে। আগুনআতঙ্কে ১২ তলা থেকে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে; এ ব্যাপারে সোমবার রাতে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আহত কয়েকজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ভবনের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, বিভিন্ন সংস্থার লোকজনের পাশাপাশি ফ্ল্যাটমালিকরা এসে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন।