একদিকে পারফর্ম করতে পারছে না দল, অন্যদিকে একে একে ছিটকে যাচ্ছেন তারকা ক্রিকেটাররা। ভারত সফরে অস্ট্রেলিয়া দল যেন মাঠ ও মাঠের বাইরে একেবারেই কোণঠাসা! জশ হ্যাজলউডের পর যেমন ডেভিড ওয়ার্নারও চোটের কারণে ছিটকে গেলেন বোর্ডার-গাভাস্কার ট্রফি থেকে।
কনকাশন এবং কনুইয়ের ফ্র্যাকচারের কারণে সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন ওয়ার্নার। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রথমে কনুইয়ে আঘাত পান তিনি। এরপর মোহাম্মদ সিরাজের আরেকটি বল তার হেলমেটে লাগে।
কনকাশনের লক্ষণ থাকায় দিল্লি টেস্টে আর খেলতে পারেননি ওয়ার্নার। তার বদলি হিসেবে খেলেন ম্যাট রেনশ। এবার তো পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন বাঁহাতি ওপেনার।
চার ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্ট জিতে ২-০ তে এগিয়ে রয়েছে ভারত। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে মার্চ শুরু হতে যাওয়া সেই সিরিজের আগে ভারতে ফিরতে পারেন ওয়ার্নার।
প্রথম দুই টেস্টে তিন ইনিংসে মাত্র ২৬ রান করেছেন সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার আগে হজ হ্যাজউড ছিটকে গেছেন পুরো সিরিজ থেকে। একটি ম্যাচও খেলা হয়নি তার। চোটের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মিচেল স্টার্ক ও অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনও।
দিল্লিতে দ্বিতীয় টেস্ট হারের পর পারিবারিক কারণে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সও। তবে তৃতীয় টেস্টের আগে ভারতে ফেরার কথা তার।
ইনদোরে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে।