নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযান করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতে এনএসইউ ক্যাম্পাসে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩’ শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
আজকের দিনের তাৎপর্যের কথা স্মরণ করে এনএসইউতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এনএসইউ শহিদ মিনারে ভোর ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অর্ধনমিত রাখা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ৮.৩০ মিনিটে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এনএসইউ এর শ্রদ্ধেয় উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন, বিভাগের চেয়ারম্যানসহ, ক্লাব সদস্য, বিএনসিসি এবং শিক্ষার্থীবৃন্দ।
উপ উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং ভাষা শহিদদের অবদানের কথা তুলে ধরেন। এসময় তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ভাষা শহিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ গঠনে ভাষা আন্দোলনের গুরুত্বের ওপর জোর দেন।
তিনি বলেন, বাংলাদেশ না থাকলে উপমহাদেশের মধ্যে মানব উন্নয়নে সবচেয়ে এগিয়ে থাকা অসম্ভব হত।
নতুন প্রজন্মের মধ্যে মহান ভাষা আন্দোলনের সচেতনতা বৃদ্ধি এবং শহিদদের স্মৃতি রক্ষার্থে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীতে বাংলা ভাষার উন্নতি ও বিকাশ অব্যাহত রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
সাংস্কৃতিক বৈচিত্র্য, বহুভাষিকতাকে প্রচার করার জন্য এবং শিক্ষা, প্রশাসন ও দৈনন্দিন জীবনে মাতৃভাষার ব্যবহারকে অগ্রসর করার জন্য এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।