ঘরে বসে ভিনদেশি ভাষা শিখুন

জীবনে মাতৃভাষার দক্ষতার গুরুত্ব অপরিসীম। তথ্যপ্রযুক্তির এ সময়ে যোগাযোগের দক্ষতাকে অবহেলার সুযোগ নেই। ভিনদেশি ভাষা জানা থাকলে কর্মজীবনে সম্ভাবনার দরজা খুলে যায়। আধুনিক প্রযুক্তির এ সময়ে ঘরে বসেই সহজে শেখা যায় বিভিন্ন ভাষা। লিখেছেন সোহানা রহমান ডুয়োলিঙ্গো : ভাষা শেখার জনপ্রিয় একটি অ্যাপ ডুয়োলিঙ্গো। এটি বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এই অ্যাপে ইংরেজির পাশাপাশি জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, ইতালিয়ান, আইরিশ এবং ড্যানিশের মতো ৪০টিরও বেশি ভাষা শেখা যাবে। এই অ্যাপটিতে ছোট ছোট ভিডিও এবং মজার শেখার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শেখানো হয়।

বাব্বেল : বাব্বেল অ্যাপটিতে পডকাস্টের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে যেকোনো স্থানে থেকেই শেখা যায় ভাষা। অ্যাপটিতে অনলাইন টিউটোরিং এবং লাইভ সেশন রয়েছে। একইসঙ্গে অ্যাপের মাধ্যমে ইয়ালে বিশ্ববিদ্যালয় এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়ান। ফ্রেঞ্চ, স্প্যানিশ, জার্মান, ড্যানিশ, ডাচ, ইতালিয়ান, পর্তুগিজ, রাশিয়া, ইন্দোনেশিয়া, পোলিশ, সুইডিশ, নরওয়েজিয়ান এবং তার্কিশ ভাষা শেখানো হয়।

ফ্লুয়েন্টু : এই অ্যাপটি বাস্তব জীবনের প্রসঙ্গ নিয়ে ভাষা শেখানোয় পারদর্শী। মিউজিক ভিডিও থেকে অনুপ্রেরণামূলক বার্তার মাধ্যমে বেশ সহজেই ভাষা শেখায় অ্যাপটি। মজার ভিডিওর মাধ্যমে চাইনিজ, পর্তুগিজ, জার্মান, রাশিয়ান, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ভাষা শেখা যায়।

ল্যাঙ্গুয়েজ কারি : এই অ্যাপটিকে ভারতীয় ভাষা শেখার অ্যাপ বলা যেতে পারে। কারণ ভারতীয় বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বাংলা ভাষাও শেখা যায় অ্যাপটির মাধ্যমে। ভারতীয় তরকারির মতো তাই নামও রেখেছে ল্যাঙ্গুয়েজ কারি। এটি মূলত হিন্দি, গুজরাটি, তামিল, মারাঠি, সংস্কৃত, বাংলা ইত্যাদি ভাষা শেখায়। ভারতীয় ভাষাগুলো আকর্ষণীয় গ্যামলিফাইড লার্নিং, ফ্লাশকার্ড ভোকাবুলারি প্রযুক্তি এবং লাইভ অনলাইন ভিডিওর মাধ্যমে শেখানো হয়।

ড্রপস : রুপস অ্যাপটির মাধ্যমে ভাষা শেখা রীতিমতো বেশ মজার বিষয়। এককথায় বেশ দৃষ্টান্তমূলক খেলার ধরনে নতুন ভাষা শেখানো হয়। অ্যাপটির মাধ্যমে খুব ভালোভাবে ১৫টিরও বেশি এশিয়ান ভাষা, আরাবিক, ক্যান্টোনিজ, ড্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, হিব্রু, হিন্দিসহ আফ্রিকান এবং ইউরোপীয় ভাষার শব্দভা-ার শেখা যায়।

মেমরাইজ : এটি একটি শিক্ষাভিত্তিক অ্যাপ। কারণ, অ্যাপটি গেম খেলার মাধ্যমে ২০ লাখের বেশি শব্দ ও বাক্য শেখাতে সক্ষম। বিনামূল্যে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে নামানো গেলেও বিশেষ সুবিধা পেতে প্রতি মাসে প্রায় ৮ ডলারের মতো ব্যয় করতে হয়।

রোসেটা স্টোন : সহজ উপায়ে ভিন্ন ভাষা শেখায় যাদের আগ্রহ তাদের জন্য এই অ্যাপটি। ২৪টিরও বেশি ভাষা শেখার সুযোগ রয়েছে রোসেটা স্টোন-এ। বিভিন্ন পুরস্কারজয়ী অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে বিনামূল্যে নামিয়ে কয়েকটি পাঠ পাওয়া গেলেও সম্পূর্ণ পাঠ শেষ করতে গুনতে হতে পারে প্রায় ২০০ ডলারের মতো।

হ্যালোটক : পছন্দের ভাষাটিতে দক্ষ বা সেই ভাষার স্থানীয় কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কাজটি করে দেয় এই অ্যাপ। ভিন্ন ভাষা শেখার সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে এই অ্যাপ ব্যবহার করতে চাইলে বিনামূল্যে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে।

বুসুউ : ভিন্ন ভাষা চর্চা করার জন্য দিনের কিছুটা সময় যাদের রয়েছে, বুসুউ অ্যাপটি তাদের জন্য চমৎকার কাজে দেবে। পছন্দের বিষয়ের পাঠগুলো যেকোনো সময় পড়ার জন্য সংরক্ষণ করা যায় এই অ্যাপে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য বিনামূল্যেই পাওয়া যায় অ্যাপটি। তবে মাসে ৬ ডলারের বিনিময়ে প্রিমিয়াম গ্রাহকদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে বুসুউ।