বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সহায়তা

মহান শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নাওড়া এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম।

সভায় রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম বলেন, বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের রাজনৈতিক মুখ্য সচিব শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ।