আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করেছ রোহিঙ্গারা। সমাবেশে দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানায় তারা।
রোহিঙ্গারা বলেন, এখানে অনেক দিন হয়েছে। আর থাকতে চাই না। দ্রুত নিজ দেশে ফেরত যাব। এখানে প্রতিনিয়ত খুনাখুনির ঘটনা ঘটছে। সকালে উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্পে এ সমাবেশ পালিত হয়। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর দেড়টার দিকে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শুরু হওয়ার আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে শত শত রোহিঙ্গা নর-নারী প্ল্যাকার্ড, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মাঠে জড়ো হন। এসব ব্যানার-ফেস্টুনে লিখা ছিল দ্রুত মিয়ানমারের ফিরে যেতে চাই। সেখানে তাদের ছেলেমেয়েদের পড়ালেখা করতে হবে। এখানকার রোহিঙ্গা শিশুরা নিজেদের মাতৃভাষা ভুলে যাচ্ছে। এ সময় বক্তব্য দেন মাস্টার শফিক, মাস্টার সৈয়দ আলম, ডা. জুবাইয়ার।