তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুদিন পরই ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ম্যাচগুলো শুরুর তারিখ ও ভেন্যু ঠিক হয়ে আগেই। তবে আনুষ্ঠানিকভাবে ম্যাচ শুরুর সময় জানানো হয়নি এখনো।
সংবাদমাধ্যমে খবর, সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। আর টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বেলা তিনটায়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। এরপর দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
২০১৬ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে যাচ্ছে ইংল্যান্ড। যে দুই ফরম্যাটের সিরিজ খেলবে, সেই দুই ফরম্যাটেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা।