‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষ’–এর খুলনা বিভাগের বাছাই পর্ব আগামী শুক্রবার

মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ পঞ্চম বর্ষ’-এর খুলনা বিভাগের বাছাই পর্ব আগামী শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি তারিখে খুলনা শহরের ‘সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে খুলনা বিভাগে এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় নিবন্ধিত শিক্ষার্থীদেরকে সকাল ৯ টায় ‘সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ খুলনায় উপস্থিত হবার জন্যে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য যে, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ- পঞ্চম বর্ষ-এর খুলনা বিভাগের বাছাই পর্বে নিবন্ধন করেছে প্রায় এগারো হাজার শিক্ষার্থী।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় পঞ্চম বারের মতো আয়োজিত হচ্ছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’।

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি।

এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।