সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বল হাতে নিজেও ছিলেন দারুণ ছন্দে। যদিও শেষ দিকে চোটের কারণে আর বল করতে পারেননি। তবে তার আগে ঝুলিতে পুড়ে নেন ১২ উইকেট। দলও খেলেছিল ফাইনালে। এমন পারফরম্যান্সের টাইগারদের সাবেক অধিনায়ক আবার জাতীয় দলে ফিরবেন কিনা সেই আশা ভক্তদের মনে পোষা অমূলক কিছু নয়।
এদিকে টাইগারদের কোচ হয়ে দ্বিতীয়বার বাংলাদেশে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার প্রথম আমলে মাশরাফীই ছিলেন বাংলাদেশে অধিনায়ক। যার নেতৃত্বে অনন্য উচ্চতায় পৌঁছেছিল দেশের ক্রিকেট। তাই তার দ্বিতীয় মেয়াদে ফের সাবেক অধিনায়ককে দলে ফেরানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হয় হাথুরুসিংহের কাছে।
কোচ হয়ে আসার পর আজ প্রথম সংবাদ সম্মেলনে উত্তরে অবশ্য সরাসরি কিছু বলেননি হাথুরুসিংহে। তবে তার দেওয়া কৌশলী জবাবেই লুকিয়ে আছে উত্তরটা।
টাইগার কোচ উল্টো প্রশ্নে দিলেন উত্তরটা, 'কি জন্য ডাকবো? নির্বাচনের জন্য? আমি তো জানি সে আর খেলছে না। তাই তো?'
২০২০ সালে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর আর জাতীয় দলে বিবেচিত হননি মাশরাফি বিন মর্তুজা। টেস্টে অঘোষিত অবসর ২০০৯ সাল থেকে, ২০১৭ সালে ছাড়তে হয়েছে টি-টোয়েন্টিও। বলা বাহুল্য ২০১৭ সালে মাশরাফীর হুট করে টি-টোয়েন্টি অবসরের পেছনে দায়ী করা হয় তৎকালীন কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। মাশরাফী নিজেও আকারে ঈঙ্গিতে বেশ কয়েকবার জানিয়েছেন।
২০১৯ বিশ্বকাপ খেলার আগেই রাজনীতির সাথে ভালোভাবে জড়ান মাশরাফি। বর্তমানেও নড়াইল-২ আসনের সাংসদ তিনি। ২০২০ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে দেখা যায় নিয়মিত।