রাজধানীর ভবন নির্মাণ ও কারখানা স্থাপনে ফায়ার সার্ভিসের আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে অভিযানে নামছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সিটি করপোরেশনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন গতকাল বুধবার এসব তথ্য জানান। গতকাল দুপুরে রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস সদর দপ্তরে তুরস্কে উদ্ধার অভিযান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিমতলী ও চকবাজারের মতো ট্র্যাজেডির পর নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ও প্লাস্টিক কারখানা উচ্ছেদ নিয়ে প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘আমার এই বিভাগের কাজ অগ্নিনির্বাপণ করা, কোনো কারখানা স্থানান্তরের কাজ আমার না। চুড়িহাট্টা ও নিমতলী ট্র্যাজেডির পর আমাদের কোনো লাইসেন্স প্রদান করা হচ্ছে না। আমার জানামতে সিটি করপোরেশনও দিচ্ছে না। যা হচ্ছে অবৈধভাবে হচ্ছে।’