সড়কে প্রাণ গেল ৮ জনের

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীসহ আটজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মুন্সীগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক শ্রমিক। ঢাকার সাভারে বাস থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন এক বাসচালকের সহকারী, নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে দুই কিশোর, বাগেরহাটে বেবিট্যাক্সির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দুই যুবকের, ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত হয়েছেন এক বাইসাইকেল আরোহী আর রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মুরগি ব্যবসায়ী।

দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে গজারিয়ায় রিপন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাছিয়া গ্রামের সেলিম দফাদারের ছেলে।

সাভার প্রতিনিধি জানিয়েছেন, সেখানে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (২৭) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সিরাজগঞ্জ সদর থানার মিরপুর দক্ষিণপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি এসআই পরিবহনের বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকার সড়কে দুই মোটরসাইকেল সংঘর্ষে মো. মাসুদ (১৬) ও শেখ সোহান (১৫) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শেখ রাসেল (১৫) নামে অন্য এক কিশোর।

বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার ফকিরহাটে বেবিট্যাক্সির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সোয়া ২টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের জেলার ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি শিশু সদনের (এতিমখানা) সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম নবী (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে ওই উপজেলার ভাটই বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত গোলাম নবী একই উপজেলার চাঁদপুর গ্রামের কেয়াম ম-লের ছেলে।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে নগরীর ভদ্রা এলাকায় বাবুল ফিলিং স্টেশনের সামনের এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কামাল হোসেন (৫২)। তিনি দুর্গাপুর উপজেলার পাচুপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।