ডার্ক কমেডি ঘরানার নতুন সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘ওভারট্রাম্প’ শিরোনামে এ সিরিজটি পরিচালনা করেছেন বাশার জর্জিস। এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবার ওটিটি প্লাটফর্ম চরকির সাথে কাজ করেছেন অভিনেত্রী, যেখানে তাকে দেখা যাবে রমা চরিত্রে।
সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা বলেন, ‘ওভারট্রাম্পে আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজ থেকে এই চরিত্র সম্পন্ন ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজেট সর্বোচ্চটা দিতে চাই। আমি খুব চিন্তায় ছিলাম যে রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করবো। আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকদের ওপর।’
পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে সেটা ভিন্ন মাত্রার যেটা টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্প-এর কাজের প্রতি আগ্রহ হয়।’
ভাবনা ছাড়াও ৬ পর্বের এই সিরিজটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি প্রমুখ। এছাড়াও এতে মুখ্য চরিত্রে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেককেই।