ঢাকা মেয়র কাপের উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এই টুর্নামেন্টে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে। তার আগেই আজ সেই টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গেল।

গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

উদ্বোধন শেষে সৌরভ বলেন, ‘মেয়র কাপ যেটার দ্বিতীয় মৌসুম শুরু হতে চলেছে, আজ সেটার উদ্বোধন হলো। এই নামে একটি টুর্নামেন্ট কলকাতাতেও হয়। যেখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল-বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্গলের পরিচালনায় আমরা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করি।’

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। আর এই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে হাজির হয়েছেন সৌরভ গাঙ্গুলি। যাকে পেয়ে আমরা কৃতজ্ঞ।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাসুদ পাইলট, সাবেক ফুটবলার কায়সার হামিদসহ সাবেক ফুটবলার, ভলিবল ও বাস্কেটবল খেলোয়াড়রা।