পর্যালোচনা সভায় আইজিপি

আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ

মামলা তদন্তে গুণগতমান বাড়াতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত গত জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দেন আইজিপি।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম গত মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলাসংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

আইজিপি বলেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে।