বার্সেলোনাকে হারিয়ে নকআউটে ইউনাইটেড

প্রথমার্ধে এগিয়ে গেল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত খেলল ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ জয়ে ইউরোপা লিগের নকআউটে জায়গা করে নিল ইংলিশ জায়ান্টরা।

ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের ফিরতি লেগে ২-১ গোলে জয় তুলে নেয় রেড ডেভিলসরা। এর আগে ক্যাম্প ন্যুয়ে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে সমতা থাকায় দুই লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে কোচ এরিক টেন হাগের দল।

পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক বার্সেলোনাকে দারুণ এক সূচনা এনে দিয়েছিলেন ক্লাবটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয় মিডফিল্ডার ফ্রেড গোলটি পরিশোধ করেন এবং আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেয়া উইঙ্গার এন্টনি জয়সুচক গোল করে ইউনাইটেড শিবিরে আনন্দের বন্যা বইয়ে দেন।

ইউরোপের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্টে এই দুই জায়ান্টের মোকাবেলা এটিই প্রমাণ করে যে দল দুটির বর্তমান সময়টি খুব একটা ভালো যাচ্ছে না। তবে এরিক টেন হাগের অধীনে এসে ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

আগামী রোববার দীর্ঘ ছয় বছরের শিরোপা খরা দূর করতে লিগ কাপের ফাইনালে নিউক্যাসলের মোকাবেলা করবে রেড ডেভিলসরা। কিন্তু ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ আসরে নিজেদের অবস্থানকে সুরক্ষিত রাখতে গতকাল নিজেদের কোনো অস্ত্রই অব্যবহৃত রাখেনি ইউনাইটেড। এই জয়ে নিজেদের মাঠে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকল টেন হাগের শিষ্যরা।

এদিকে গত অক্টোবর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত ছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে অভিজাত ওই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল কাতালান জায়ান্টরা।

তবে এর পর থেকে ঘরোয়া ফুটবলে দারুণ ভাবে ঘুরে দাঁড়াতে থাকে বার্সা। জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে নিরঙ্কুশভাবে দখলে নেয় লা লিগার শীর্ষস্থান। কিন্তু ইউরোপীয় আসরে এসে আরো একবার হোঁচট খেতে হলো জাভির শিষ্যদের।