বিশ্বব্যাংকের পরের প্রধান ভারতীয় বাঙ্গা

সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে আগামী মে মাসের শুরুতে আসছেন ভারতীয় বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক অজয় বাঙ্গা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গাকে মনোনয়ন দিয়েছেন। রীতি অনুযায়ী, এ পদে মনোনয়ন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলে এই প্রথম কোনো ভারতীয় এ পদে কাজ করবেন।

আনুষ্ঠানিকভাবে বাঙ্গার নাম প্রস্তাব করে বাইডেন বলেছেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পাবলিক-প্রাইভেট রিসোর্স সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৬৩ বছরের বাঙ্গা। সে কারণেই তার নাম প্রস্তাব করা হয়েছে।

এর আগে বাইডেন প্রশাসন চেয়েছিল কোনো নারীকে এই পদে নিয়ে আসতে। কিন্তু শেষ পর্যন্ত বাঙ্গার নাম প্রস্তাব করা হয়। একটি আনুষ্ঠানিক নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী প্রেসিডেন্ট নিযুক্ত হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের মনোনয়নই শেষপর্যন্ত কার্যকর হয় বলে বিশেষজ্ঞদের বক্তব্য।

সংস্থাটির বর্তমান প্রধান ডেভিড মালপাস ডোনাল্ড ট্রাম্পের আমলে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। কিন্তু এক বছর আগেই মালপাস কাজ থেকে অব্যাহতি নিচ্ছেন।