জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে কানাডার কাছে আবারও ফেরত চাইবে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির কাছে বাংলাদেশের আইনগত বিষয়টিও তুলে ধরা হবে।
কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, ঢাকা সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এবং প্যাসিফিক ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্সির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠক করবেন। ওই বৈঠকে নূর চৌধুরীকে ফেরত চাওয়া হবে।
এর আগে গত বছর ফেব্রুয়ারিতে জাতিসংঘের ইন্দোনেশিয়ান লাউঞ্জে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত সজ্জনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ওই বৈঠকেও কানাডার কাছে নূর চৌধুরীকে ফেরত চেয়েছিলেন তিনি।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার তথ্য বলছে, কানাডার সম্প্রতি ঘোষিত ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও মিয়ানমার সংকট মোকাবিলায় দেশটির কৌশলের সঙ্গে সংযুক্ত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করতেই তিনি মূলত ঢাকা সফর করছেন।
কানাডার উন্নয়নমন্ত্রীর ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, তার এ সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে কানাডার সক্রিয়তাসহ দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। তিনি রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। সরকারি-বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা এবং কক্সবাজারে মতবিনিময় করবেন। এ ছাড়া কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন।
কূটনৈতিক সূত্র বলছে, কানাডার মন্ত্রীর এ সফরে জলবায়ু, খাদ্য নিরাপত্তা, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং প্রস্তুতি এবং লিঙ্গ সমতার অগ্রগতির মতো বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।